উলুবেড়িয়া, হাওড়া: কালিপূজার আলোর উৎসবে যখন চারিদিকে উচ্ছ্বাস, তখনই অন্য এক আলো জ্বালালো উলুবেড়িয়া-I উন্নয়ন ব্লক— গঙ্গা বাঁচানোর আলো। ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক-এর নেতৃত্বে শুরু হয়েছে এক অভিনব অভিযান— “গঙ্গা সচেতনতা অভিযান”। এই উদ্যোগের মূল লক্ষ্য, আনন্দের মাঝেই মানুষকে মনে করিয়ে দেওয়া— নদী আমাদের প্রাণ, নদী বাঁচলেই জীবন বাঁচবে। জেলা গঙ্গা কমিটি, হাওড়া ও WBSPMG-এর নির্দেশনায়, নমামি গঙ্গে প্রকল্প-এর অংশ হিসেবে, পূজার দিনগুলোতে উলুবেড়িয়া-I ব্লকের সর্বত্র দেখা যাচ্ছে রঙিন ফ্লেক্স ব্যানার, যার বার্তা স্পষ্ট— “গঙ্গাকে ভালোবাসুন, দূষণকে বিদায় দিন।” ব্যানারগুলোয় ফুটে উঠেছে গঙ্গার প্রতীকী প্রাণী— গঙ্গা ডলফিন, যেন নীরব সাক্ষী হয়ে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে, নদীর স্বাস্থ্যই পরিবেশের স্বাস্থ্য। প্রচারে আহ্বান জানানো হয়েছে পূজা শেষে প্রতিমা ও পূজার উপকরণ নির্দিষ্ট স্থানে ফেলতে, যেন গঙ্গা আবারও না হয় আবর্জনার ভারে নুয়ে পড়া নদী। বিডিও এইচ. এম. রিয়াজুল হক বলেন— “আমরা উৎসব করি আনন্দের জন্য, কিন্তু আনন্দের মধ্যেও প্রকৃতির প্রতি দায়িত্ব ভুললে চলবে না। গঙ্গা আমাদের ঐতিহ্য— তাকে রক্ষা করাই প্রকৃত পূজা।” উলুবেড়িয়া-I ব্লকের এই পদক্ষেপ যেন এক দিশা -উন্নয়নের পথে থেকেও প্রকৃতিকে পাশে রাখার ।
Tags
পশ্চিমবঙ্গ
