ভক্তি, আলো আর ঐক্যের আবহে বাড়বেড়িয়ায় ২৬তম সার্বজনীন শ্যামা কালী পূজার উদ্বোধন




অতসী মন্ডল, উলুবেড়িয়া, হাওড়া: উলুবেড়িয়ার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বাড়বেড়িয়া নিতাই গৌড় রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে গ্রামের মানুষের অকুণ্ঠ সমর্থনে অনুষ্ঠিত হলো ২৬তম সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজার উদ্বোধন অনুষ্ঠান। বাড়বেড়িয়া একশন কমিটির উদ্যোগে আয়োজিত এ পূজো ঘিরে মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়েছে ভক্তি, আলো আর ঐক্যের আবহ।

পূজো প্রাঙ্গণে ঝলমলে আলোকসজ্জা, ফুলের সুগন্ধ আর ভক্তদের কণ্ঠে “জয় মা” ধ্বনি মিলে তৈরি হয়েছে এক অনন্য ভক্তিময় পরিবেশ। এ বছর দর্শনার্থীদের নজর কেড়েছে ২৬ ডেসিমিটার উচ্চতার অপূর্ব শ্যামা কালী প্রতিমা—যার মূর্তি, মুখচ্ছবি ও অলংকারের সূক্ষ্ম শিল্পকর্ম যেন মায়েরই জীবন্ত উপস্থিতি অনুভব করিয়েছে সকলকে।

বাড়মংরাজপুর প্রাইমারি স্কুলের সহযোগিতায় আয়োজিত ভেষজ উদ্ভিদ প্রদর্শনী ও অতিথিদের হাতে ভেষজ চারা তুলে দেওয়া ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পরিবেশ সচেতনতার এই উদ্যোগে অংশ নেন গ্রামের ছোট-বড় সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া–১ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা, শিক্ষক তারাপদ হাজরা, রাজদূত সামন্ত, সাহিত্য সম্পাদক অর্ণব দত্ত, পরিবেশ কর্মী চিত্রক প্রামানিকসহ স্থানীয় বিশিষ্টজনরা। তাঁদের উপস্থিতিতে বাড়বেড়িয়া মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে ভক্তি, ঐক্য ও আনন্দের এক মনোমুগ্ধকর আবহ।

Post a Comment

Previous Post Next Post