মোহাম্মদ নিয়ামুল ইসলাম
আধুনিক জীবনের ছুটে চলা পথ যেন এক দমও থামতে চায় না। সকাল থেকে রাত—কাজ, পড়াশোনা, পরিবার ও সামাজিক দায়িত্বের ভিড়ে আমরা সবাই যেন সময়ের পেছনে ছোটে যাচ্ছি। এই ব্যস্ততার ভেতরেই অনেক সময় আমরা ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের স্রষ্টার সঙ্গে সংযোগ, আমাদের প্রার্থনা। প্রার্থনা শুধু একটি ধর্মীয় আচার নয়; এটি আত্মার প্রশান্তি, মনের ভারমুক্তির এক অনন্য আশ্রয়। যখন আমরা একটু থেমে নামাজে দাঁড়াই বা আল্লাহর সামনে মন খুলে দোয়া করি, তখন ব্যস্ত জীবনের কোলাহলের ভেতরেও খুঁজে পাই এক শান্তির ঠিকানা। প্রতিদিনের ব্যস্ত সময়সূচিতে সামান্য কিছু মুহূর্ত প্রার্থনার জন্য আলাদা করে রাখলেই জীবন হয়ে উঠতে পারে অনেক সহজ, অনেক সুন্দর। প্রার্থনা আমাদের মনকে শান্ত করে, শক্তি দেয় সঠিক সিদ্ধান্ত নিতে, আর আল্লাহর উপর ভরসা রাখতে শেখায়।
মনে রাখতে হবে কাজ আমাদের জীবিকার জন্য, কিন্তু প্রার্থনা আমাদের জীবনের উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেয়। তাই যত ব্যস্ততাই আসুক, যেন কোনোদিনও প্রার্থনার ডাক হারিয়ে না যায় আমাদের জীবনের ভিড়ে। এবাদত হলো আমাদের মৌলিক কাজ যার ফল তাৎক্ষণিক পাওয়া যাবে না কিন্তু পরকালে পাওয়া যাবে। মহান রবের কিতাব আল কুরআন যদি জীবনের প্রত্যেক কাজের গাইড লাইন হিসেবে ফলো করে একজন মানুষ তাহলে তার জীবনের চিত্র পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বর্তমান মানুষ দুনিয়ার রুটিন ফলো করতে গিয়ে তার রবের প্রার্থনা কথা ভুলে যায়। মহান রবের নিকটবর্তী হতে হলে আমাদের ৪ টি কাজ প্রয়োজন কুরআন হাদিস অধ্যায়ন করা, মৌলিক এবাদত সমূহ পালন করা, নফল ইবাদত পালন করা, সার্বক্ষনিক দোয়া ও জিকির মধ্যে থাকা।
দুনিয়ার বুকে যেমন একজন মালিকের কাজ সঠিক ভাবে না করলে টাকা দেয় না ঠিক তেমনি রবের প্রার্থনা সঠিক ভাবে আদায় না করলে তিনি পরকালে ভালো কিছু দিবেন না। সুরা আছরের মধ্যে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। পরে আবার বলেছেন তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে। শত ব্যস্ততার মাঝেও রবের ডাকে সাড়া দিতে হবে। আর এটা প্রত্যেকের উপর ফরজ কাজ। সুতরাং জীবনের রুটিন টা আমাকে ২ কালে ভালো রাখার মতো করে তৈরি করতে হবে। আমার হাত থেকে পরকাল যেন হাতছাড়া না হয়ে যায় দুনিয়ার জন্য মনে রাখতে হবে। আধুনিক জীবন টা আমাকে রবের গোলামী থেকে আলাদা করে দেয়। আলাদা যেন না করতে পারে সেই দিকে লক্ষ রাখতে হবে।
Tags
ইসলামের আলো
