কর্মসংস্থানের অভাবে যুবকরা বিপথগামী হচ্ছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ


এফ এম বুরহান, খুলনা প্রতিনিধি: ৭ই নভেম্বর ২০২৫, শুক্রবার খুলনা জেলার তেরখাদা উপজেলার এম. এম. পুর শামছুল উলুম মাদ্রাসা মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া শাখার নবাগত সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব ও খুলনা-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। তাঁর বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন-ই মুক্তির পথ নয়। বাংলাদেশের ইতিহাসে বারবার জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবারই জাতি পেয়েছে নতুন অপরাধপ্রবণ নেতৃত্ব।” তিনি আরও বলেন, “২৪-এর জুলাইতে ছাত্র জনতার অভ্যুত্থানে যুবকরাই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু হয়নি ভাগ্যের পরিবর্তন, তারা বেকারত্বের অভিশাপ নিয়ে দিশেহারা হয়ে উপার্জনের জন্য বেছে নিচ্ছে অবৈধ পথ । উন্নত দেশ গড়তে আদর্শবান যুবকদের বিকল্প নেই, যদি হাতপাখা বিজয়ী হয় তবে আমি চেষ্টা করবো যুবকের জন্য কর্মসংস্থান তৈরি করার । অতীতের মতো যদি আবার মাস্তান ও চাঁদাবাজরা ক্ষমতায় আসে, তবে মুক্তি আসবে না।”
অধ্যক্ষ ইউনুছ আহমাদ যুবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “নীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নেতার পরিবর্তন করতেই যদি নির্বাচন হয়, তবে জুলাই অভ্যুত্থান অর্থহীন হয়ে যাবে। তাই হাজারো যুবকের রক্তে অর্জিত এই গণঅভ্যুত্থানের সঠিক মূল্যায়নের জন্য সংস্কার, বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, “নব্য ফ্যাসিস্টরা এখন মাঠ পর্যায়ের আমাদের নেতা-কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। এটি প্রমাণ করে তারা এখন জনসমর্থন হারিয়েছে এবার হাতপাখার বিজয় নিশ্চিত।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম বলেন, “ইসলামী দলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একদল মানুষ হিংসায় দিশেহারা হয়ে পড়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে জাতীয় সংসদ আলেমদের দখলে থাকবে।”
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদ বলেন নির্বাচনে‌ যদি কেউ দিনের ভোট রাতে দেওয়ার চেষ্টা করে তবে ইসলামী যুব আন্দোলনের নেতারা তা রুখে দেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আন্দোলনের নেতা মাওলানা হারুন অর রশীদ, শেখ মোঃ মুহিবুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুবনেতা হাফেজ বেলাল হুসাইন, সাইফুল্লাহ খালিদ নাজমুল, উপজেলা আন্দোলন নেতা শেখ মোঃ ইউসুফ আলী, মুফতী ফয়জুল্লাহ, মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, হাফেজ মোঃ মহাসিন, হাফেজ জিয়াউর রহমান, উপজেলা যুবনেতা মাওলানা আনিসুর রহমান, মুফতী সাজ্জাদ হুসাইন, হাফেজ হুসাইন, হাফেজ মুহাম্মদ নাজমুস সাকিব, মোঃ সাদুল্লাহ ও আব্দুল মান্নান জেলা ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ ফরহাদ মোল্লা ও মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ। এসময়  বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post