কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার আঠারো পাইকা গ্রামে নেশার আড্ডার প্রতিবাদ করায় রিপন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে একদল নেশাগ্রস্ত বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বাইজিদ ও মিলনসহ একদল নেশাগ্রস্ত যুবক পাশের আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের বাড়ির পাশে নিয়মিত গাঁজা সেবন করতো। গত সোমবার সন্ধ্যায় আনিসুর রহমানের ছেলে রিপন এ নিয়ে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে ডাকেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওঁত পেতে থেকে রিপনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়।
রিপনকে উদ্ধারে গেলে একই গ্রামের সোহেল মিয়া ও রাসেদ আলীকেও মারধর করে বখাটেরা। পরে গুরুতর আহত রিপনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব বলেন, “এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই অভিযুক্তদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রিপন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
Tags
সারাদেশ
