ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় কঠোর নিন্দা জানাল IFTDA



একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংগঠনটি সকলের কাছে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে —
“ধর্মেন্দ্রর মতো একজন প্রবাদপ্রতীম শিল্পীকে নিয়ে এহেন গুজব কখনও কাম্য নয়। তাঁর সম্পর্কে মিথ্যে খবর প্রচার করা শুধু অমানবিক নয়, এটি তাঁর পরিবার, সহকর্মী ও লক্ষ লক্ষ ভক্তের কাছে অত্যন্ত বেদনাদায়ক। ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত ইতিহাস, কোটি মানুষের আবেগ।”


প্রসঙ্গত উল্লেখ্য, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্বাসকষ্ট জনিত অসুস্থতার কারণে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন অনেকটাই স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

এহেন ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনী খোদ। তিনি সোজাসুজি গণমাধ্যমকে কটাক্ষ করে বলেন,
“যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক।”

IFTDA-র তরফে সংবাদমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি করজোড়ে অনুরোধ জানানো হয়েছে —
“দয়া করে যাচাই না করে কোনও তথ্য প্রচার করবেন না। মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ানো একজন জীবিত কিংবদন্তির প্রতি চরম অসম্মান। বরং সকলে মিলে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”

সংগঠনটি আরও জানিয়েছে, এই ধরনের গুজবের বিরুদ্ধে ভবিষ্যতে কড়া অবস্থান নেওয়া হবে।
প্রবীণ অভিনেতার সুস্থতার খবর ইতিমধ্যেই পরিবার নিশ্চিত করেছে — ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।

Post a Comment

Previous Post Next Post