অতসী মন্ডল, হাওড়া: মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হলেন দেশের অন্যতম বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. পল্লবী মুখার্জি সাঁতরা। তিনি ছিলেন জে.বি. রায় আয়ুর্বেদিক কলেজের পাঁচকর্ম বিভাগের প্রধান এবং বেলুর যোগশ্রী কলেজের প্রিন্সিপাল। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ চিকিৎসা মহল ও সমগ্র আয়ুর্বেদ সমাজ।
ডা. মুখার্জি সাঁতরা তাঁর কর্মজীবনে আয়ুর্বেদ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বি.এ.এম.এস, এম.ডি (আয়ুর্বেদ) এবং পি.এইচ.ডি (আর্থ্রাইটিস) ডিগ্রিধারী এই অধ্যাপিকা দীর্ঘদিন ধরে পাঁচকর্ম চিকিৎসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগীসেবার পাশাপাশি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা ছিলেন তিনি।
সহকর্মী ও ছাত্রছাত্রীদের মতে, “ডা. পল্লবী মুখার্জি শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন এক অকৃত্রিম মানবপ্রেমী ও সমাজসেবী।”
তাঁর হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছে পরিবার। তিনি রেখে গেছেন স্বামী শ্রী সন্দীপন সানত্র, পুত্র সিজু, কন্যা ঝিলমিল, পিতা শ্রী কৃপাসিন্ধু মুখার্জি, মাতা শ্রীমতী প্রণতি মুখার্জি ও ভাই কল্লোল মুখার্জিকে।
জন্মগ্রহণ করেন তিনি ২১ ডিসেম্বর ১৯৭৮ সালে হাওড়ার শান্তিনগর কলনী হাঁসখালি পোল এবং ২২ অক্টোবর ২০২৫-এ মল্লিকবাজার একটি বেসরকারি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। মাত্র ৪৭ বছর বয়সে তাঁর প্রয়াণ আয়ুর্বেদ চিকিৎসা জগতের জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
